শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, চরম যানজটে ভোগান্তি

রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর হাটে ধান ব্যবসায়ী ও অবৈধ স্থাপনার কারণে নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার হাটবারে ধান বিক্রি করতে আসা কৃষকদের অটো ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারিতে বাজারের প্রধান সড়ক কার্যত অচল হয়ে পড়ে। এতে বাজার এলাকা পার হতে কখনো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগছে বলে অভিযোগ স্থানীয়দের।

শুক্রবার সকালে সরেজমিনে মথুরাপুর হাটে গিয়ে দেখা যায়, ধানবোঝাই অটো ও ভ্যানের দীর্ঘ সারি সড়কের ওপর অবস্থান করছে। এতে বাজারের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ধান নিয়ে আসা কৃষকদের পাশাপাশি যাত্রীবাহী যানবাহন, পথচারী ও অন্যান্য ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে পড়ছেন।

ধানবোঝাই অটো-ভ্যানের দীর্ঘ সারি

অটোচালক আবুল কাসেম বলেন, ‘প্রতি শুক্রবার ধান ব্যবসায়ীদের কারণে পুরো বাজারে যানজট লেগেই থাকে। পথচারী থেকে শুরু করে সব ধরনের যানবাহন এই জ্যামে আটকে যায়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘অধিকাংশ ধান ব্যবসায়ীর ধান রাখার ঘর বাজারের মূল পয়েন্টে। এ কারণে ধান কেনাবেচার সময় সড়কের ওপরই অটো-ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়। ধানের ঘরগুলো যদি বাজারের এক পাশে নির্দিষ্ট জায়গায় করা হয়, তাহলে যানজট অনেকটাই কমে আসতে পারে।’

অবৈধ স্থাপনায় সংকুচিত সড়ক

মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘শুধু হাটের দিন নয়, অন্যান্য দিনও মথুরাপুর বাজারে যানজট লেগেই থাকে। যানজট নিরসনে আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি যানজটমুক্ত করতে পারিনি।’

তিনি বলেন, ‘রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় মূলত এই যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বাজারের মসলা পট্টি এলাকাটি পুরোপুরি অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব কারণে যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে।’

নির্দিষ্ট স্থান চান ধান ব্যবসায়ীরা

স্থানীয়দের অভিযোগ, মথুরাপুর হাটে ধান কেনাবেচার জন্য নির্দিষ্ট স্থান এবং যানবাহন রাখার ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত একই ধরনের যানজট সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যানজটের কারণে বাজারে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশাপাশি জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহনও ভোগান্তিতে পড়ছে।

স্থানীয়রা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক দখলমুক্ত করা এবং ধান ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলে বগুড়ার ধুনটের মথুরাপুর বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই নিরসন হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ