
মোঃ পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে যুবদল নেতা সাইফুল ইসলামের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন যুবদল নেতা মোহাম্মদ বায়েছ ও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার।
এ সময় যুবদল নেতা আবু শাহ মুন্সী, ক্বারী জামাল হোসেনসহ বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন।
সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু ওয়াক্কাছ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।











