শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপ মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধান করবে না: চীন

যায়যায়কাল ডেস্ক: সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ক্ষান্ত দিয়ে দেশটির বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ বা চূড়ান্ত অর্থনৈতিক আঘাত হানার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হুমকি দিয়ে বলেছেন, যেসব দেশ ইরানকে অর্থনৈতিকভাবে টিকে থাকতে সহায়তা করবে, তাদেরও আর্থিকভাবে শাস্তি দেওয়া হবে।

ইরানের অর্থনীতিকে একঘরে করার এই প্রচেষ্টায় বেইজিংসহ বিভিন্ন দেশকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এর প্রতিক্রিয়ায় শুক্রবার চীন বলেছে, যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধান করবে না।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ইরানের অর্থনীতিতে ধস নামিয়ে দেশটির শাসনব্যবস্থার ‘পতন’ ঘটানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে তেহরান এই উদ্যোগকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেছে, এটি ব্যর্থ হতে বাধ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে না।’

‘চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানায়’, যোগ করেন লিন জিয়ান।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ দেওয়ার উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

যুক্তরাষ্ট্র চীনকে এই প্রচেষ্টায় যুক্ত হতে চাপ দেবে কি না জানতে চাইলে বেসেন্ট প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে সিএনবিসিকে বলেন, ‘অনেক আলোচনা ব্যক্তিগতভাবে করাই ভালো।’

তবে তিনি বেইজিংকে ‘এই কর্মসূচিতে যোগ দেওয়ার’ আহ্বান জানান।

বেসেন্টের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র লিন যুদ্ধের সমাধানে সব পক্ষের ‘দায়িত্বশীল পদক্ষেপ’ নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও উল্লেখ করেন।

লিন বলেন, এ ধরনের অবৈধ একপাক্ষিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞার কোনো ভিত্তি নেই এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনও নেই বলে উল্লেখ করেন চীনের ওই কূটনীতিবিদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ