
যায়যায়কাল প্রতিবেদক: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে। তবে তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সে বিষয়ে সরাসরি উত্তর দেননি তিনি।
মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রীর এ প্রতিক্রিয়া পাওয়া যায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘প্রথম কথা হলো, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয় কথা হলো, এই সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে, এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে, সেটা সাংবিধানিকভাবেই দেওয়া হয়েছে।’
গত ২১ আগস্ট টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা হুমায়ুন কবিরকে প্রশ্ন করলেও তিনি সরাসরি কোনো উত্তর না দেওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এর আগে গত শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন হুমায়ুন।











