
যায়যায়কাল ডেস্ক: নেপালে বন্যাকবলিত বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ৬৭৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে যেসব মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, শেষকৃত্যের আগে তাদের ডিএনএ নমুনাসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বালেন্দ্র শাহের এক বিবৃতির বরাতে দ্য কাঠমুণ্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে শাহ স্পষ্ট করে জানান, কেবলমাত্র পরিচয়হীন মরদেহের ডিএনএসহ অন্যান্য তথ্য-প্রমাণ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করবে সরকার। শনাক্ত হয়েছে—এমন মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
তিনি জানান, উদ্ধার করা মরদেহগুলো এয়ারটাইট ব্যাগে রাখা হচ্ছে। ‘পরিচয়হীন ও দাবিহীন মরদেহ ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৬’ অনুযায়ী সেগুলোর ব্যবস্থাপনা করা হচ্ছে।
বিবৃতিতে মরদেহ নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বন্যা ও ভূমিধসের ঘটনায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বালেন্দ্র শাহ।











