মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার নিশিন্দারায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট চলাকালে মাইকে বিএনপির নাম বারবার উচ্চারণ করাকে কেন্দ্র করে আব্দুল হান্নান নামে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি পলাশের বিরুদ্ধে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত আব্দুল হান্নান নিশিন্দারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট চলছিল। এ সময় মাইকে বিএনপির নাম ঘন ঘন বলায় ক্ষিপ্ত হয়ে নিশিন্দারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম পলাশ ও তার দলবল আব্দুল হান্নানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত হান্নানকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল সদর থানা পুলিশের এক টিম পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এ বিষয়ে নিশিন্দারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা বলেন, “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মতো একটি সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি কঠোর শাস্তির দাবি করছি।”

এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম আলী বলেন, বিষয়টি অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ