
মোঃ সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: জয়পুরহাট জেলা পরিষদের তহবিল থেকে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোরসালিন মিনহাজকে নতুন পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।
রোববার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে বইগুলো তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
মোরসালিন জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের আনোয়ার হোসেন ও রাজু বেগম দম্পতির ছেলে। সে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।
বই বিতরণকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মীর হোসেন এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখতে এ ধরনের সহায়তার গুরুত্ব তুলে ধরে জেলা পরিষদ প্রশাসককে ধন্যবাদ জানান।
জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।











