সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে নৌকায় দুই ড্যান্সারকে ধর্ষণের অভিযোগ, আটক ১

পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে ডেকে নিয়ে দুই নারী ড্যান্সারকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই নারী পেশায় ড্যান্সার। একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ৯ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকেলে তারা তাদের দলের সদস্যদের নিয়ে সরাইলে আসেন। এ সময় রাকিব নামে এক ব্যক্তি তাদের রিসিভ করে উপজেলার শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে রাকিবসহ আরও পাঁচজন তাদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে তিতাস নদীর মাঝামাঝি নিয়ে যান। পরে নৌকার ভেতর দুই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ সময় তাদের দলের পুরুষ সদস্য সাইদ হোসেন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরে রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগী দুই নারীকে নাসিরনগর থানাধীন গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে চলে যান।

ঘটনার পর ভুক্তভোগীরা প্রথমে নাসিরনগর থানায় বিষয়টি জানান। তবে ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় তাঁদের সরাইল থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়।

পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর সরাইল থানায় মামলা নম্বর-১০ দায়ের করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় করা হয়েছে।

সরাইল থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ