
জহিরুল হক রাসেল, কুমিল্লা: কুমিল্লা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি (লক্ষ্মীপুর-৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকারিয়া তাহের, এমপি, মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কুমিল্লা ৬ -আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন রোজী আকতার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম, সিভিল সার্জন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সভায় কুমিল্লা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সড়ক নিরাপত্তা, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
আলোচনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়, নিয়মিত নজরদারি, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মাদক নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় কুমিল্লা জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব পরিবেশ বজায় রাখতে কুমিল্লা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে।











