
যায়যায়কাল ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ ছাড়া অন্যান্য বিমানবন্দর লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিল। এবার সেই হুমকি পরিণত হয়েছে হুঁশিয়ারিতে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এবার জাহাজীকরণ প্রতিষ্ঠান, এয়ারলাইনস এবং এসব প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা; এমনকি, সৌদি আরবে কাজ করতে যেতে ইচ্ছুক কর্মীদের পাশাপাশি পর্যটকদের উদ্দেশে সরাসরি বার্তা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ইয়াহিয়া সারি বলেন, সৌদি আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার করলে আপনারা ‘আমাদের বাহিনীর সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।’
আজ সোমবার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
সারি জানান, হুতি যোদ্ধারা গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে বেশ কয়েকটি সামরিক অভিযান চালিয়েছে। এতে ‘ওই বিমানবন্দরের ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এবং এটি এখন পুরোপুরি বন্ধ আছে।’
রোববার টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইয়াহিয়া সারি গত শনিবারের হামলার দায় স্বীকার করেছেন।
তিনি আরও দাবি করেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দর এবং দেশটির প্রধান তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনাতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
অন্যদিকে, হুতিদের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলা চালিয়েছে।











