মঙ্গলবার, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেবে সরকার

যায়যায়কাল প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এ ক্ষেত্রেও তা–ই করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা অপবাদসূচক কথা বলে চিৎকার করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন ‘অবশ্যই এই অপরাধ যারা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে। বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, এটা আনচ্যালেঞ্জ যাবে না, প্রশ্নই আসে না।’

উল্লেখ্য, গত মাসে ইতালিতে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন।

তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে মর্যাদা (প্রটোকল) পাওয়ার কথা, তাতে কোনো ঘাটতি হয়েছে কি না, সেটা সরকার খতিয়ে দেখবে।

রাজনৈতিক পুনর্মিলন (রিকনসিলিয়েশন) সম্পর্কে এক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের মধ্যে অনুতাপ না থাকা এবং নানা সময় হুমকির বিষয়টি সামনে আনেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের সম্ভাবনা তিনি ব্যক্তিগতভাবে একেবারেই দেখেন না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ