বুধবার, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে কম্বোডিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা নেওয়া এবং পরে ভিজিটর ভিসায় বিদেশে পাঠিয়ে বিপাকে ফেলার অভিযোগে করা মানব পাচার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন ওরফে বেলায়েত হোসেন (২৬)। তিনি ধুনট উপজেলার নাংলু দক্ষিণপাড়া গ্রামের মো. ছাইফুল ইসলাম প্রাংয়ের ছেলে।

গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে গাবতলী উপজেলার বাগবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. রকি বাবুকে কম্বোডিয়ায় একটি প্রতিষ্ঠানে ভবন নির্মাণের কাজে নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এ জন্য পাঁচ লাখ টাকার বিনিময়ে মাসিক দেড় লাখ টাকা বেতন, বিনা মূল্যে থাকা-খাওয়া এবং বৈধ ওয়ার্কিং ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দুই লাখ টাকা, ২০২৬ সালের ৭ জানুয়ারি এক লাখ টাকা এবং ১৭ ফেব্রুয়ারি আরও দুই লাখ টাকা দেওয়া হয়। পরে ১৯ ফেব্রুয়ারি কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছাড়েন রকি বাবু।

অভিযোগে বলা হয়েছে, কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তার কাছে আরও টাকা দাবি, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ওয়ার্কিং ভিসার পরিবর্তে এক মাসের ভিজিটর ভিসায় তাকে বিদেশে পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এজাহারের বিবরণ অনুযায়ী, একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যান রকি বাবু। পরে পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ৫ এপ্রিল দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক হলেও ক্ষতিপূরণের আশ্বাস বাস্তবায়ন করা হয়নি বলে বাদীপক্ষের দাবি।

এ ঘটনায় ধুনট থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর আলী বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ