রবিবার, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে বিএনপি নেতা মনির আহমেদকে প্রাণনাশের হুমকি

মোঃ জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ ও তার পরিবারের বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর-৮৩৩।

জিডি সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ২১ মিনিটের দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুরে নিজ বাসায় অবস্থানকালে মনির আহমেদের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। পরিচয় গোপন রাখা ওই ব্যক্তি তাঁকে গালিগালাজ করার পর আগামী দুই-এক দিনের মধ্যে হত্যা এবং তাঁর পরিবারের বড় ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর থেকে মনির আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তিনি।

মনির আহমেদ বলেন, ২০২২ সালে তিনি গুমের শিকার হয়েছিলেন। আল্লাহর রহমত ও সবার দোয়ায় তিনি ফিরে এসেছেন। এরপর থেকে কোনো ধরনের হুমকি-ধমকিতে তিনি দমে যাবেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিষয়টি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মো. আবুল কালামকে অবহিত করেছেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ