
মোঃ জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলায় নিখোঁজের ১০ দিন পর কাউসার হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাউসার ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কাউসার। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাননি।
রোববার সকালে তারাপুর গ্রামের একটি ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ও উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে, মরদেহ উদ্ধারের সময় পাশ থেকে বস্তাবন্দী বেশ কিছু সিগারেট উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, সম্প্রতি নিহত কাউসারের বাড়ির পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া সিগারেটের বস্তার সঙ্গে ওই চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে মরদেহের পাশে সিগারেটের বস্তা পাওয়ার বিষয়টি এবং যুবকের মৃত্যুর নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
লাকসাম থানার এসআই হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার নেপথ্যে কী ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।











