বৃহস্পতিবার, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গুপ্ত ও পরাজিত শক্তির আচরণ প্রায় অভিন্ন: রিজভী

যায়যায়কাল প্রতিবেদক: বিরোধীদলের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা জায়গায়, নানা ধরনের ঘটনায় দেখা গেছে যে গুপ্তদের আচরণ এবং পরাজিত শক্তির আচরণ প্রায় অভিন্ন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক আছে, সেই প্রমাণও রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করেন—প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে বিরোধীদল অভিযোগ করেছে, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে।

এর জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘তার প্রমাণ কী? কিন্তু তাদের যে সম্পর্ক আছে এটার তো প্রমাণ আছে।’

‘তাদের (জামায়াত) আমির নিজেই বলেছেন যে “আমরা আওয়ামী লীগের সব মাফ করে দিব”। সুতরাং প্রমাণ থাকতে হবে। উনাদের ব্যাপারে প্রমাণ আছে বলেই প্রধানমন্ত্রী এ কথা বলেছেন এবং নানা জায়গায়, নানা ধরনের ঘটনায় দেখা গেছে যে তাদের আচরণ—গুপ্তদের আচরণ এবং পরাজিত শক্তির আচরণ প্রায় অভিন্ন। অভিন্ন ধরনের কথাবার্তা বলছেন,’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন, আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কী ধরনের অপপ্রচার-মিথ্যাচার করা হতো। কারণ ওরা দেখানোর চেষ্টা করতো যে বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল, তাদের সময় কোনো ধর্মাবলম্বী নিরাপদ নয়। কিন্তু এবার তারেক রহমানের সরকার জানিয়ে দিয়েছে, একটি সরকার সতর্ক থাকতে পারলে কোনো ষড়যন্ত্রকারী-চক্রান্তকারী নীল নকশার পথ অবলম্বন করতে পারে না।’

তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা দিন-রাত কাজ করেছে, বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রমাণ হলো আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা এই অপপ্রচারে মেতে উঠেছেন।’

‘অপপ্রচারে দুটি রাজনৈতিক দল—একটি (কার্যক্রম) নিষিদ্ধ ঘোষিত, আরেকটি এখন বিরোধীদলের ভূমিকা পালন করছে, এরা হচ্ছে পারঙ্গম। অপপ্রচার-কুৎসা রটনাতে অন্য কেউ তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না,’ যোগ করেন তিনি।

রিজভী আরও বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে এসেছেন এখানে পূজা-অর্চনায় অংশগ্রহণ করার জন্য। তারাও মন্তব্য করেছেন এত নিরাপদ, এত শান্তিপূর্ণ পূজা-অর্চনা বাংলাদেশে হয়েছে; শঙ্খধ্বনি হয়েছে, ঢাকের বাদ্য বেজেছে যে এটা সত্যিকার অর্থেই প্রশংসার যোগ্য।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ