সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): দীর্ঘদিন রোগে ভুগে বাবা মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে ফেলেই অন্যত্র চলে গেছেন মা। অসহায়, মাতৃহীন এই দুই শিশুর আশ্রয় এখন তাদের বৃদ্ধ দাদীর জরাজীর্ণ আঁচল।

নুন আনতে পান্তা ফুরানো সংসারে দুই নাতির লালন-পালন ও পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে যখন তীব্র অন্ধকারে দিন কাটছিল বৃদ্ধা দাদীর, ঠিক তখনই মানবিকতার আলো নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের এই অসহায় পরিবারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তারা।

সংগঠনটির ধারাবাহিক মানবিক কার্যক্রমের ১০৯তম আয়োজন হিসেবে শুক্রবার বিকেলে হালুয়াপাড়া বাজারে এতিম দুই শিশুর পরিবারের হাতে নগদ ২৪,৫০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা অলি মিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান। বাবার মৃত্যুর পর দুই সন্তানকে রেখে মা জুলেখাও অন্যত্র চলে যান। এরপর থেকেই চরম আর্থিক অনটনে শিশু দুটি তাদের বৃদ্ধ দাদীর তত্ত্বাবধানে রয়েছে। বয়স্ক ও নিরূপায় দাদী নাতিদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ও তাদের ভবিষ্যৎ গড়তে দিশেহারা হয়ে পড়েছিলেন।

অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য মো. লোকমান মিয়ার সভাপতিত্বে এবং আল আমিন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুম বিল্লাহ সানি, বর্তমান মেম্বার আ. আহাদ সুনর, সৈয়দ মিয়া, মাহবুবুর রহমান, হাফেজ মহিন উদ্দিন খান শাহীন ও মোবারক প্রমুখ।

অনুচ্ছদে আরও উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সম্মানিত সদস্য শফিকুল ইসলাম ডালিম, হাজী রাসেল আহমেদ, সাংবাদিক শেখ ইমন আহমেদ, সাব্বির হাসান ও সিদ্দিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বচ্ছতা গ্রুপের সদস্যরা বলেন, “অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো এবং বিপদে পড়া পরিবারগুলোর পাশে থেকে সাহস জোগানোর লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই দুই এতিম শিশুর মতো অসহায়দের পাশে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

স্বচ্ছতা গ্রুপের এই অনন্য মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের মতে, সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি এভাবেই বুক ভরা ভালোবাসা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে কোনো শিশুই আর অবহেলিত থাকবে না, প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবার খুঁজে পাবে নতুন করে বাঁচার স্বপ্ন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ