
যায়যায়কাল প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫৭টি হত্যা মামলা। এসব মামলার তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছে সূত্রটি।
এ পরিস্থিতিতে দেশে ফিরলে শেখ হাসিনাকে কী ধরনের আইনি জটিলতা ও বিচারের মুখোমুখি হতে হবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মৃত্যুদণ্ডের রায় ও গ্রেপ্তারি পরোয়ানা
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন, ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গত ১৩ জানুয়ারি মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময়সীমা পার হয়ে যাওয়ায় তাঁর আর আপিল করার সুযোগ নেই।
ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে এখনো রেড নোটিশ জারি হয়নি।
গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনও করা হয়েছে।
সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাংলাদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এতে দুই দণ্ডিত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের আরও ছয় মামলা
মৃত্যুদণ্ডের রায় হওয়া মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দুটি মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এবং চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। সব কটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জন আসামি। তাদের মধ্যে বর্তমান ও সাবেক ১২ জন সেনা কর্মকর্তা রয়েছেন।
অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের ঘটনায় করা মামলায় আসামি ১৩ জন। শেখ হাসিনা ছাড়া বাকি ১২ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। মামলা দুটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জন আসামি রয়েছেন।
২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ আসামি ১১ জন। এই দুটি মামলাই বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।
কল্যাণপুর ও পাতারটেক হত্যাকাণ্ডের অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে।
এর মধ্যে ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ নয় তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্য মামলাটি গাজীপুরের পাতারটেকে সাতজনকে হত্যার ঘটনা নিয়ে। ওই ঘটনায়ও ‘জঙ্গি নাটক সাজিয়ে’ হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় শেখ হাসিনাসহ মোট ১০ জন আসামি রয়েছেন।
দেশে ফিরলে কী হবে শেখ হাসিনার?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলে সেই পরোয়ানা কার্যকর করা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।











