
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারত্ব, যৌথ বিনিয়োগ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে নিজের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ।
তার দাবি, অভিযোগকারী কাতারপ্রবাসী জাহাঙ্গীর মিয়ার কাছেই তার প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে। পাওনা পরিশোধের আশ্বাসে দেওয়া ৩ কোটি টাকার একটি চেকও ব্যাংক হিসাব ব্লক থাকায় নগদায়ন করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিজের বিনিয়োগের অর্থ ফেরত ও সামাজিক মর্যাদা রক্ষায় ন্যায়বিচার দাবি করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সরাইল উপজেলার বড্ডাপাড়ায় সমাজ উন্নয়ন কেন্দ্রের (সুক) হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই জনপ্রতিনিধি।
লিখিত বক্তব্যে হানিফ আহমেদ সবুজ জানান, ২০১৭ সাল থেকে কাতারপ্রবাসী জাহাঙ্গীর মিয়ার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তারা যৌথভাবে কাতারে বাড়ি, সুপার মার্কেট, রেস্টুরেন্ট, হোটেল, সেলুন ও গাড়ির ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগের হিসাব অনুযায়ী জাহাঙ্গীরের কাছে তার প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে।
তিনি জানান, ২০২৬ সালের আগস্টে জাহাঙ্গীর কাতারে সিআইডির হাতে আটক হওয়ার পর তার বিরুদ্ধে ৩৭টি মামলার বিষয়টি জানতে পারেন। ৩১ আগস্ট তাকে বাংলাদেশে পাঠানো হয়। পরবর্তী সময়ে কাতারে গিয়ে তিনি জানতে পারেন, জাহাঙ্গীর কারাগারে থাকাকালে তার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই প্রতিষ্ঠানের ম্যানেজার ভারতীয় নাগরিক মীর ইমরানের কাছে ব্যবসা পরিচালনার দায়িত্ব দিয়ে ওকালতনামা সম্পাদন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের মধ্যে ব্যবসায়িক বিরোধের সৃষ্টি হয়।
হানিফ আহমেদ সবুজের ভাষ্য, বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও জাহাঙ্গীর মিয়া বারবার বৈঠকের তারিখ পরিবর্তন ও বাতিল করেন। একপর্যায়ে ঢাকায় জাহাঙ্গীরের বাসায় আলোচনার মাধ্যমে তিনি ৯ কোটি টাকা পরিশোধে সম্মত হন। এর মধ্যে ৩ কোটি টাকার একটি চেক প্রদান করেন এবং বাকি ৬ কোটি টাকা ছয় মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কাতারে তার কোম্পানির নামে থাকা চারটি বাড়ি বুঝিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, গত ২৬ অক্টোবর ইস্যু করা ৩ কোটি টাকার চেকটি ২৭ অক্টোবর সিটি ব্যাংকে জমা দেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ব্লক থাকায় চেকটি নগদায়ন করা সম্ভব হয়নি। পরে ব্যাংক থেকে চেক ডিজঅনার স্লিপ সংগ্রহ করে আইনজীবীর মাধ্যমে জাহাঙ্গীর মিয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৫ নভেম্বর উভয় পক্ষের ১০ জন করে প্রতিনিধির উপস্থিতিতে সরাইলে একটি বৈঠকের কথা থাকলেও তা বাতিল করা হয়। পরে চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ চলছিল। কিন্তু আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আগেই তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে একতরফা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়। এতে তার সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
হানিফ আহমেদ সবুজ বলেন, “আমি কারও সম্পদ অন্যায়ভাবে দাবি করছি না। আমার নিজের বিনিয়োগ, অংশীদারত্ব ও হিসাব অনুযায়ী যে অর্থ পাওনা, আমি শুধু সেটুকুই চাই। কাউকে হেয় করা আমার উদ্দেশ্য নয়; আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।”
নিজের দাবির পক্ষে বিনিয়োগের হিসাব, চুক্তিপত্র, কোম্পানির কাগজপত্র ও ব্যাংক লেনদেনসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ রয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে সংশ্লিষ্ট কিছু কাগজপত্র ও প্রমাণাদিও উপস্থাপন করেন সাবেক এই জনপ্রতিনিধি।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষের একতরফা বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে উভয় পক্ষের বক্তব্য, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান তিনি। তবে নিজের ন্যায্য পাওনা আদায় ও সামাজিক সম্মান রক্ষায় প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।











