
চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থানায় দায়ের করা একটি মামলায় চকরিয়া প্রেসক্লাবের দুই সাংবাদিক নেতাকে আসামি করার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।
বুধবার (১৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি শিব্বির আহমেদ ওসমান ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এ প্রতিবাদ জানান। তাঁরা চকরিয়া প্রেসক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক, দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরোপ্রধান এবং দৈনিক গণসংযোগের চকরিয়া প্রতিনিধি ইয়ার রহমান আনানকে (৩০) অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সহ-দপ্তর সম্পাদক ও দৈনিক নবচেতনার চকরিয়া প্রতিনিধি ফয়সাল আলম সাগরের (২৭) বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে তারা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সভাপতি শিব্বির আহমেদ ওসমান বিবৃতিতে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। অথচ চকরিয়া থানায় দায়ের করা মামলার এজাহারে ৮ নম্বর আসামি হিসেবে সাংবাদিক ইয়ার রহমান আনান এবং ৯ নম্বর আসামি হিসেবে ফয়সাল আলম সাগরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক পদ-পদবি ও নাশকতার অভিযোগের সঙ্গে এই দুই সাংবাদিকের কোনো সম্পৃক্ততা নেই। সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত করা এবং একটি স্বার্থান্বেষী মহলের প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁদের মামলায় জড়ানো হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
তিনি আরও বলেন, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। একজন সাংবাদিককে বিনা অপরাধে কারাবন্দি রাখা আইনের শাসনের পরিপন্থী। তিনি ইয়ার রহমান আনানের নিঃশর্ত মুক্তি এবং ফয়সাল আলম সাগরের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।
সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্ত ও তথ্য-প্রমাণ যাচাই ছাড়াই পেশাদার গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। ঘটনাস্থলে উপস্থিতি বা সম্পৃক্ততার প্রমাণ না থাকা সত্ত্বেও ব্যক্তিগত ও গোষ্ঠীগত প্রতিহিংসার কারণে সাংবাদিকদের আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সাংবাদিক ইয়ার রহমান আনানের নিঃশর্ত মুক্তি এবং ইয়ার রহমান আনান ও ফয়সাল আলম সাগরকে মামলা থেকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় চট্টগ্রাম, চকরিয়াসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে











