
যায়যায়কাল ডেস্ক: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ন্যায়বিচারের পথে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট বিশ্লেষকরা। এ রায়ে গণহত্যার দায় নির্ধারণের পাশাপাশি রোহিঙ্গাদের পরিচয়, অধিকার, ক্ষতিপূরণ এবং নিজ ভূমিতে ফিরে যাওয়ার দাবিও নতুন আইনি ভিত্তি পেয়েছে। তবে আদালতের রায় ঘোষণার মধ্য দিয়ে প্রত্যাবাসনের পথ পুরোপুরি খুলে যায়নি। রাখাইনে নিরাপত্তা, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা—সব মিলিয়ে বাস্তবায়নের পথে এখনো বড় বাধা রয়েছে।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার পর স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাহিমা খুশি। বাংলাদেশের শরণার্থী শিবিরে জন্ম ও বেড়ে ওঠা রাহিমা মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিলেন। সাক্ষ্য সংগ্রহ, অনুবাদ এবং আদালতের শুনানিতে দোভাষী হিসেবেও কাজ করেছেন তিনি।
রাহিমা বলেন, সাত বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা এই দিনের অপেক্ষায় ছিলেন। আদালত মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের স্বীকৃতি দেওয়ায় এটি তাদের জন্য বড় অর্জন।
তাঁর মতে, এই রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবির পথে ঐতিহাসিক অগ্রগতি। আদালতে রোহিঙ্গাদের দেওয়া সাক্ষ্যকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করাও তাদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
রাহিমা বলেন, “আমরা খুবই আনন্দিত। তবে এখন দেখতে হবে, এরপর কী হয়। এই রায় আমাদের জন্য রাখাইনে ফিরে যাওয়ার পথ নিয়ে আরও কাজ করার সুযোগ তৈরি করেছে।”
তবে তাঁর কাছে রায়ই চূড়ান্ত লক্ষ্য নয়। বরং এই আইনি স্বীকৃতিকে কাজে লাগিয়ে রাখাইনে ফেরার অধিকার ও ক্ষতিপূরণের দাবিতে নতুন করে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
গণহত্যার স্বীকৃতি, কেন ঐতিহাসিক এই রায়
২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশন লঙ্ঘনের অভিযোগে করা এ মামলায় গাম্বিয়ার পক্ষে আইনি অবস্থান তুলে ধরে আরও ১১টি দেশ।
মামলার কেন্দ্রে ছিল ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’। ওই অভিযানে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল। দেশটির বক্তব্য ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল।
তবে বৃহস্পতিবার ১৫ বিচারকের আদালত ৯-৬ ভোটে দেওয়া রায়ে বলেছে, মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপরও হামলা চালিয়েছে। এসব অপরাধের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতি, বিদ্বেষমূলক বক্তব্য, গ্রাম ধ্বংস এবং জনগোষ্ঠীটির অস্তিত্বের ভিত্তিকে আঘাত করে এমন কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছে আদালত।
গণহত্যা প্রমাণের ক্ষেত্রে শুধু বিপুলসংখ্যক মানুষ হত্যা যথেষ্ট নয়। কোনো জাতিগত, ধর্মীয় বা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় থাকতে হয়। আইসিজের বিবেচনায় মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাখ্যা হিসেবে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত।
এ রায়কে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। কারণ, আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের দায়ে দায়ী করা হলো। এর আগে ২০০৭ সালে বসনিয়ার গণহত্যার ঘটনায় সার্বিয়াকে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে দায়ী করেছিল আদালত। তবে সে সময় সার্বিয়া নিজে গণহত্যা করেছে বলে রায় দেওয়া হয়নি।
শরণার্থী বিশেষজ্ঞ অধ্যাপক রাহমান নাসির উদ্দীনের মতে, গণহত্যা এবং অনেক মানুষকে হত্যা করা বা ‘মাস কিলিং’ এক বিষয় নয়। গণহত্যা প্রতিষ্ঠার জন্য হত্যাকাণ্ডের পাশাপাশি গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি, জীবনধারণের জন্য ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি এবং জন্ম প্রতিরোধের মতো বিষয়ও বিবেচনায় আসে। এর অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো ‘ইনটেন্ট টু ডেস্ট্রয়’—অর্থাৎ একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য।
রোহিঙ্গা পরিচয়ের আন্তর্জাতিক স্বীকৃতি
রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে রোহিঙ্গাদের স্বতন্ত্র পরিচয়ের স্বীকৃতির বিষয়টি সামনে এসেছে। মিয়ানমার সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে কখনো ‘বাঙালি’, কখনো ‘মুসলিম সংখ্যালঘু’ হিসেবে অভিহিত করে এসেছে।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, আইসিজেতে যুক্তিতর্কের সময়ও মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিল। কিন্তু আদালত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য পর্যালোচনা করে তাদের স্বতন্ত্র জাতিসত্তার বিষয়টি বিবেচনায় নিয়েছে।
তিনি বলেন, “রোহিঙ্গারা যে মিয়ানমারেরই লোক এবং তাদের একটা আইডেন্টিটি আছে, একটা ক্যারেক্টার আছে এবং রোহিঙ্গা শব্দটা দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করেছে।”
তাঁর মতে, রোহিঙ্গাদের পরিচয় অস্বীকারের দীর্ঘদিনের প্রচেষ্টা এ রায়ের মাধ্যমে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরিচয় ভবিষ্যতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রোহিঙ্গাদের সহায়তা করবে।
রায়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং তাদের জায়গা-সম্পত্তি ফিরিয়ে দেওয়ার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত।
তিনি বলেন, আদালতের নির্দেশনায় মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া, তাদের নিজস্ব জায়গায় বসবাসের সুযোগ দেওয়া এবং সম্পত্তি ফেরত দেওয়ার বিষয়টি এসেছে। এসব নির্দেশনা প্রত্যাবাসন ও পরিচয়ের স্বীকৃতি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
আনন্দের পাশাপাশি ক্ষোভও
রায় ঘোষণার পর রোহিঙ্গাদের মধ্যে আনন্দের পাশাপাশি অতীতের নির্যাতনের স্মৃতি থেকে ক্ষোভও তৈরি হয়েছে।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তারা আনন্দিত। তবে রায় ঘোষণার দিন অতীতের হত্যাকাণ্ড, নিপীড়ন ও নির্যাতনের স্মৃতিও ফিরে এসেছে।
তিনি বলেন, “আজকে আমরা খুশি, আবার ক্ষুব্ধও। মিয়ানমার সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী ও রাখাইনের উগ্রবাদীরা আমাদের ওপর যে নির্যাতন করেছে, সেসব কথা আজ আবার মনে পড়ছে।”
সৈয়দ উল্লাহর মতে, এই রায় প্রত্যাবাসনের সরাসরি সমাধান নয়; তবে নিজ দেশে ফিরে যাওয়ার দাবির পক্ষে শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করেছে। এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, “আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে রোহিঙ্গাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।”
আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের সভাপতি মুজিবুর রহমান এ রায়কে শুধু রোহিঙ্গাদের জয় হিসেবে দেখতে চান না। তাঁর ভাষায়, “এটা আমাদের জয় না, এটা পৃথিবীর জয়, মানবতার জয়, আন্তর্জাতিক আইনের জয়।”
তিনি মনে করেন, আন্তর্জাতিক আদালতের এই স্বীকৃতির পর রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনা অস্বীকার করার সুযোগ কমে এসেছে। এখন জাতিসংঘ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আদালতের নির্দেশনায় কী রয়েছে
আইসিজের রায়ের গুরুত্ব শুধু গণহত্যার দায় নির্ধারণে সীমাবদ্ধ নয়। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য প্রতিকার নিশ্চিত করার বিষয়েও আদালত নির্দেশনা দিয়েছে।
আদালত মিয়ানমারকে গণহত্যা কনভেনশনের অধীনে চলমান লঙ্ঘন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। পাশাপাশি অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত এবং প্রয়োজন অনুযায়ী বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে, সে নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও রায়ে গুরুত্ব পেয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলন। গণহত্যার কারণে রোহিঙ্গাদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও নির্ধারণ করেছে আদালত। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জানিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে মিয়ানমারকে।
অর্থাৎ, প্রত্যাবাসনকে শুধু রাজনৈতিক আলোচনার বিষয় হিসেবে নয়, গণহত্যার ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করার আইনি কাঠামোর অংশ হিসেবেও বিবেচনা করেছে আদালত।
তবে রায় বাস্তবায়ন সহজ হবে না। আইসিজের রায় চূড়ান্ত এবং মামলার পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সরাসরি প্রয়োগকারী বাহিনী নেই। ফলে মিয়ানমার রায় বাস্তবায়নে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক চাপ এবং প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
প্রত্যাবাসনের পথে বড় বাধা
রোহিঙ্গাদের জন্য এই রায় সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি করেছে নিজ দেশে ফেরার প্রশ্নে। কিন্তু আদালতের স্বীকৃতি এবং বাস্তবে রাখাইনে ফিরে যাওয়ার মধ্যে বড় ব্যবধান রয়েছে বলে মনে করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি বিশেষজ্ঞ আলতাফ পারভেজ।
তিনি বলেন, রায়টি রোহিঙ্গাদের জন্য একটি ‘নৈতিক বিজয়’। এর ফলে বিশ্বজুড়ে তাদের প্রতি সহানুভূতি বাড়বে এবং মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি আরও জোরালো হবে। যেসব দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে, সেসব দেশেও তাদের জোর করে সরিয়ে দেওয়ার বিষয়টি কঠিন হয়ে উঠবে।
আলতাফ পারভেজের মতে, এ রায়ের ফলে বাংলাদেশও কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে গেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি শরণার্থী শিবির পরিচালনা ও মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাড়তি সহায়তা চাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন রাখাইনের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে। বর্তমানে উত্তর রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণ নেই; সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি। ফলে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হলেও তাদের নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে আরাকান আর্মির অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এ ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য নিরাপদ অঞ্চল বা নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে তৈরি হবে, সেটিও স্পষ্ট নয়।
আলতাফ পারভেজ বলেন, “ধরা যাক, মিয়ানমার সেনাবাহিনী রাজি হলো, আরাকান আর্মিও রাজি হলো। তারপরও উত্তর রাখাইনে রোহিঙ্গাদের পাঠাতে হলে একটা নিরাপদ অঞ্চল গড়ে তুলতে হবে। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিভাবকত্ব প্রয়োজন হবে। এখানে বাংলাদেশেরও বড় ভূমিকা থাকবে।”
তাঁর মতে, এ ক্ষেত্রে চীনের অবস্থানও গুরুত্বপূর্ণ। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের ওপর চীনের প্রভাব রয়েছে। আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতি আগের মতো সমর্থন অব্যাহত রাখা চীনের জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে। একই সঙ্গে আসিয়ানের সদস্য দেশগুলোর সঙ্গে মিয়ানমারের সম্পর্কেও এ রায়ের প্রভাব পড়তে পারে।
বাংলাদেশের কূটনৈতিক সুযোগ
গণহত্যার স্বীকৃতি এবং প্রত্যাবাসনের বাধ্যবাধকতা তৈরির ফলে বাংলাদেশের সামনে নতুন কূটনৈতিক সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ এখন নতুন শক্তি সঞ্চয় করল।”
তাঁর মতে, বাংলাদেশ এখন মিয়ানমারকে রায় বাস্তবায়নে সহযোগিতার প্রস্তাব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাতে পারবে। গাম্বিয়ার সঙ্গে মামলায় যুক্ত দেশগুলোরও এ ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, চীন ও রাশিয়ার মতো মিয়ানমারের ঘনিষ্ঠ দেশগুলোর সঙ্গেও বাংলাদেশ আলোচনা করতে পারে, যাতে তারা মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং সংকট সমাধানে চাপ দেয়।
গবেষক আলতাফ পারভেজও মনে করেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দুটি দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে পারবে। প্রথমটি হলো রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তার জন্য বাড়তি অর্থায়ন। দ্বিতীয়টি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ।
বিশেষ করে আসিয়ানের সদস্য মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশ এ রায়কে কাজে লাগাতে পারে বলে মনে করেন তিনি।
এতদিন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনায় মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা, নাগরিকত্বের স্বীকৃতি ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক আদালতের নির্ধারণ করা রাষ্ট্রীয় দায় এবং ক্ষতিপূরণের বাধ্যবাধকতা। এতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও দায়িত্ব তৈরি হয়েছে।
তবে আন্তর্জাতিক রাজনীতির হিসাব-নিকাশ রায় বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
রাষ্ট্রের দায় নির্ধারণ, ব্যক্তির বিচার এখনো বাকি
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এই রায়ের মাধ্যমে অপরাধে জড়িত ব্যক্তিদের ফৌজদারি বিচার সম্পন্ন হয়নি।
আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে। অন্যদিকে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানের। ফলে মিয়ানমারের সামরিক নেতৃত্বসহ অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহির প্রশ্নটি এখনো আলাদা গুরুত্ব বহন করছে।
অধ্যাপক রাহমান নাসির উদ্দীনের মতে, এই রায়ের তিনটি বড় প্রভাব রয়েছে। প্রথমত, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের ভিত্তি তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থের বাইরে ন্যায়বিচারের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয়ত, রোহিঙ্গা সংকটের একটি শক্তিশালী আইনি ভিত্তি তৈরি হয়েছে, যা মিয়ানমারের ওপর কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বৃহস্পতিবারের রায়কে গণহত্যার শিকার রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। তার বক্তব্য, এই রায় প্রমাণ করে যে ভয়াবহ অপরাধের দায়মুক্তি মেনে নেওয়া যায় না। তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।
হেগে রায় ঘোষণার পর রাহিমা খুশি ও তার সঙ্গে থাকা রোহিঙ্গা প্রতিনিধিরা আনন্দ প্রকাশ করেছেন। কিন্তু বাংলাদেশের শরণার্থী শিবির কিংবা রাখাইনে থাকা রোহিঙ্গাদের জীবনে এ রায়ের বাস্তব পরিবর্তন আসতে এখনো অপেক্ষা করতে হবে।
রোহিঙ্গাদের প্রত্যাশা শুধু গণহত্যার স্বীকৃতি নয়; নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অধিকার, নিরাপত্তা, নাগরিকত্ব এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা।
আন্তর্জাতিক আদালতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এখন বড় প্রশ্ন—এই রায় বাস্তবায়নে মিয়ানমার কতটা উদ্যোগী হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় কতটা কার্যকর ভূমিকা নেয়।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম











