শনিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আট বছর পর আজ নতুন নেতৃত্ব বেছে নেবেন চা শ্রমিকরা

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন।

দেশের ২৩০টি চা বাগানের সাতটি ভ্যালিতে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।

দীর্ঘ বিরতির পর গোপন ব্যালটে নিজেদের নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেয়ে হবিগঞ্জের ২৪টি চা বাগানে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৮ সালের পর আর কেন্দ্রীয় কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ আট বছর পর এবারের নির্বাচনে পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয়—এই তিন পর্যায়ে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশের ১ লাখ ৪৯ জন ভোটারের মধ্যে হবিগঞ্জের ২৪টি চা-বাগানের প্রায় ২৫ হাজার শ্রমিক কাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের চা-বাগানগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। পোস্টার ও লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, মজুরি বৃদ্ধি, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রচারণাকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী নৃপেল পাল শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ভ্যালির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহেশ্বর উরাং প্রতিটি বাগানের শ্রমিকদের সন্তানদের পড়াশোনা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পঞ্চায়েত সভাপতি পদপ্রার্থী সাধন সাঁওতাল পঞ্চায়েত কমিটির সদস্যদের সমস্যা সমাধানে কাজ করার আশা প্রকাশ করেছেন।
দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাধারণ শ্রমিকরাও। চান্দপুর চা-বাগানের ভোটার খাইরুন আক্তার ও হাতিমারা চা-বাগানের সুভাষ চন্দ্র জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এমন শিক্ষিত, মেধাবী ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান, যারা সুখে-দুঃখে সবসময় শ্রমিকদের পাশে থাকবেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। হবিগঞ্জ জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সন্তানদের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিষয়েও গুরুত্বারোপ করেন।

এছাড়া নির্বাচন কমিশনের সদস্য আজাদ রহমান জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রশাসনের তৎপরতা বাড়ানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী জানান, প্রতিটি ভোটকেন্দ্রে চারজন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সীমান্তবর্তী চা-বাগানের কেন্দ্রগুলোতে বিজিবি মোতায়েন ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ