
যায়যায়কাল প্রতিবেদক: পুরান ঢাকার টিকাটুলীতে মুরগি হোটেলের ভেতরে ঢোকাকে কেন্দ্র করে বিরোধের জেরে নাঈমুর রহমান (২৩) নামে এক হোটেল ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টিকাটুলীর জয়কালী মন্দিরসংলগ্ন হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। এ সময় নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপকসহ চারজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হোটেলটির সামনে প্রতিদিন রাতে মুরগির পাইকারি বাজার বসে। বৃহস্পতিবার রাত ১টার দিকে বাজারের একটি দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ওরফে এ্যানির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলের কর্মীরা এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে রাখেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে এনায়েতের ছেলে ইরান কাজী হোটেলে এসে তার বাবাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হোটেলকর্মীদের সঙ্গে তাদের আবারও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এনায়েত ও ইরান ধারালো অস্ত্র দিয়ে হোটেলের কর্মীদের ওপর হামলা চালান। এতে নাঈমুরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
তবে হোটেলে মুরগি ঢোকাকে কেন্দ্র করে তাৎক্ষণিক বিরোধের সূত্রপাত হলেও এর পেছনে দীর্ঘদিনের বিরোধ ছিল বলে দাবি করেছেন নিহত নাঈমুরের স্বজনেরা। তাঁদের অভিযোগ, হোটেলের সামনে মুরগির বাজার বসানো নিয়ে বিরোধের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন এনায়েত ও তাঁর সহযোগীরা।
নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদ জানান, এনায়েত ওই এলাকার মুরগির দোকানের মালিক এবং স্থানীয় বাসিন্দা। স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তার সখ্য রয়েছে। তারা কিছুদিন ধরে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর ক্ষুব্ধ ছিলেন তারা। এ ছাড়া হোটেলের সামনে দোকান বসাতে বাধা দেওয়ায় এনায়েত হোটেলকর্মীদের ওপর অসন্তুষ্ট ছিলেন।
হোটেলের পাশের এক চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন রাত ১০টার দিকে হোটেলের সামনে মুরগির পাইকারি বাজার বসে। পরদিন সকাল ৭টার আগেই কেনাবেচা শেষ হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সেখানে বাজার বসছে। এর আগে ওই স্থানে বাজার বসত না। বাজার বসানো নিয়ে হোটেল কর্তৃপক্ষের আপত্তি ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হোটেলের মহাব্যবস্থাপক কামরুল হাসান ওরফে রাজ্জাকের নাতি মো. জুবায়ের বলেন, পূর্বশত্রুতার জেরে এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেন। তবে পূর্বশত্রুতার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি। পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন জুবায়ের।
শুক্রবার বিকেলে হোটেলটিতে গিয়ে দেখা যায়, নিচতলার মূল ফটকে তালা ঝুলছে। অতিথিরা বের হওয়া বা প্রবেশের জন্য অপেক্ষা করলে হোটেলকর্মী জাকির হোসেন তালা খুলে দিচ্ছেন। দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষের সামনে মেঝেতে জমাট বাঁধা রক্তের দাগ এবং দুটি রক্তমাখা জুতা পড়ে থাকতে দেখা যায়। জাকির জানান, জুতা দুটি নিহত নাঈমুরের। হামলার সময় ছোটাছুটি করতে গিয়ে তার পা থেকে জুতা খুলে যায়।
জাকির আরও জানান, প্রায় এক মাস আগে তিনি হোটেলটিতে চাকরি নিয়েছেন। ঘটনার সময় আটতলার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। হট্টগোল শুনে নিচে নামতে চাইলেও হোটেল কর্তৃপক্ষ তাকে বাধা দেয়। পরে দ্বিতীয় তলায় এসে মেঝেতে রক্ত ছড়িয়ে থাকতে দেখেন। ঘটনার পর আতঙ্কে ১০ জন অতিথি হোটেল ছেড়ে চলে গেছেন। অন্য অতিথিরাও ভীতসন্ত্রস্ত রয়েছেন।
বিকেল ৩টার দিকে হোটেল থেকে বেরিয়ে যাওয়া দুই অতিথির একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের দিন তিনি হোটেলটিতে উঠেছিলেন। কিন্তু হত্যাকাণ্ডের পর সেখানে থাকার পরিবেশ নেই মনে হওয়ায় হোটেল ছেড়ে চলে যাচ্ছেন।
হোটেলের দ্বিতীয় তলায় একটি অস্থায়ী মসজিদ রয়েছে। সেখানকার ইমাম আবুল হোসেন বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি হোটেলটিতে নামাজ পড়ান। নাঈমুরও প্রায় পাঁচ বছর ধরে সেখানে কাজ করতেন। তাকে কখনো কারও সঙ্গে উচ্চ স্বরে কথা বলতে শোনেননি। অত্যন্ত ভদ্র স্বভাবের ছিলেন তিনি।
ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, হোটেলে মুরগি ঢোকাকে কেন্দ্র করে কর্মীদের সঙ্গে এনায়েতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত ও তার ছেলে ইরান মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক রাজ্জাক ও তার সহকর্মী হাসান আহত হন। পরে হাসপাতালে নাঈমুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর এনায়েত ও তার ছেলে ইরান পালিয়ে গেছেন। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় ওয়ারী থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ছায়া তদন্ত করছে।











