
আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: চাটখিল পৌরসভার পশ্চিম ছয়ানীটবগা গ্রামের (ছাদেক আলী ব্যাপারি) বাড়ির আবদুল আলী তার একমাত্র নাতনি ছায়মা আক্তার ( ৬) কে উদ্ধার করার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার ( ৪ নভেম্বর) সকালে ছায়মা আক্তারের মা শিখা আক্তার (২৫) ও নানী বেবু বেগম (৬০) কে আসামী করে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানা যায়, আবদুল আলী’র ছেলে মাসুদ আলম গত দুই বছর আগে মারা যায়। মাসুদ আলমের স্ত্রী শিখা আক্তার ও তার মেয়ে ছায়মা কে নিয়ে কিছু দিন স্বামী বাড়িতে থাকার পর মোহাম্মদপুর বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকে আর আসেনি।
এর পর থেকে পুত্রবধূ শিখা ও নাতনি ছায়মাকে আনার জন্য মাসুদের বাবা চেষ্টা করে। কিন্তু শিখা আসতে রাজি হয়নি এবং মেয়ে ছায়মাকে ও আটক করে রাখে।
স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করার জন্য বিভিন্ন সময় বৈঠক করে ব্যর্থ হয়। সর্বশেষ সে গত (২৮ অক্টোবর) তিনি নাতনিকে আনার জন্য শিখাদের মোহাম্মদপুরের বাড়িতে যান। সেখানে গেলে শিখা ও তার মা বেবু বেগম ছায়মাকে দিবেনা বলে তাকে ফিরিয়ে দেয় এবং তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায় বলে আবদুল আলী অভিযোগ করেন।
এই ব্যাপারে শিখার সাথে মুঠোফোনে বার-বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
চাটখিল থানার ডিউটি অফিসার এসআই রোজি আক্তার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










