
নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গাইবান্ধা জেলা সফরে আসেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন । সফরের শুরুতে তিনি গাইবান্ধা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বন্যা সংক্রান্ত ব্রিফিং-এ অংশ নেন।
এরপর, তিনি সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ভরতখালী বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র এবং হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া বন্যা কবলিত চরাঞ্চল পরিদর্শন করেন ।
পরিদর্শনকালে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ কার্য (চাল), শুকনা খাবার, শিশু খাদ্য, গো-খাদ্য, ডিগনিটি কিট (মহিলাদের মর্যাদা সুরক্ষার জন্যে প্রয়োজনীয় সামগ্রী), বেবি কিট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জ্যারিকেন, গবাদিপশুর জন্যে বিভিন্ন রকমের ভিটামিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বন্যার্তদের সাথে মত বিনিময় করেন, তাদের সাময়িক দুঃখ-দুর্দশার কথা শোনেন ও সমস্যা সমাধানকল্পে মাঠ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, তিনি সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের উত্তর উল্লাহ নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও পরিদর্শন করেন।
এ সময় গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ; পুলিশ সুপার, গাইবান্ধা; উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গাইবান্ধা; প্রধান প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড; সিভিল সার্জন, গাইবান্ধা; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ), গাইবান্ধা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধা; জেলা প্রাণিসম্পদ অফিসার, গাইবান্ধা; উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাঘাটা; উপজেলা নির্বাহী অফিসার, সাঘাটা; সহকারী কমিশনার (ভূমি), সাঘাটা সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, UNFPA এর কর্মকর্তাবৃন্দ, গণ উন্নয়ন কেন্দ্র, এসকেএস, ফ্রেন্ডশিপসহ অন্যান্য এনজিওর কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।











