
রাবি প্রতিনিধি : সারা দেশে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহত শিক্ষার্থীদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে যোহর বাদ এ জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী জানাজায় অংশ নেন। জানাজা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন বেশ সহিংস রূপ নেয়। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। এর মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন, চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুইজন নিহত হন।
কোটা আন্দোলনের সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারই ধারাবাহিকতায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।











