
সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাধীন নয়নপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠি খেলা।
বুধবার বিকাল ৪ টায় নয়নপুর বালুর মাঠে ঢাঁক-ঢোলের বাজনায়, গানের তালে তালে এ আনন্দময় উৎসবের আয়োজন করা হয়।
নয়নপুর গ্রামের যুবকদের আয়োজনে ও ব্যবস্থাপনায় গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যবাহী লাঠি খেলার শুরুতে ঢাক, ঢোল আর কাসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।
অত্যাশ্চর্য কৌশলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে। শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরাই এই খেলায় অংশ নিতে পারে। কিন্তু বর্তমানে শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ সব বয়সের পুরুষেরাই লাঠিখেলায় অংশ নিয়ে থাকেন।
তাতে উৎসাহ দেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ।
এ লাঠি খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। বিপথগামী যুব সমাজের মাদকাসক্ততা মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে, যুক্ত করবে সম্প্রীতির বাঁধনে। নিয়মিত আয়োজনের জন্য পৃষ্ঠপোষকতার দাবি করেন আয়োজকরা।











