
আলমগীর হোসেন হিরু, চাটখিল, (নোয়াখালী): বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার দিনব্যাপী চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। হাটপুকুরিয়া, বদলকোট, হালিমা দীঘিরপাড়, দৌলতপুরে ঢাকাস্থ জনকল্যাণ সমিতির অর্থ বিতরণ, পরে পরানপুর ও কুলশ্রীতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় শৃঙ্খলা বন্ধ করে সন্ত্রাস, চাঁদাবাজি দখলবাজিসহ কোনো কর্মকাণ্ডের সাথে জড়াবেন না। বিগত স্বৈরাচার সরকারের আমলে যেসব আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করে রাষ্ট্রীয় টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, বিএনপি নেতাকর্মীদের গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গণহত্যা চালিয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবে । তাই আপনারা কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াবেন না। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহজাহান রানা, পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব এহসানুল হক মাসুদ ও উপজেলা যুবদলের আহ্বায়কসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











