
কাজী আল আমিন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া): বিজয়নগরে বোরকা ও হিজাব নিয়ে বিতর্কিত পোস্ট ফেসবুকে শেয়ারের মাধ্যমে প্রতিবাদের মুখে চম্পকনগর কলেজের সরকারি অধ্যাপক শংকর প্রসাদ মিত্র।
বৃহস্পতিবার সকাল ৫টায় বিতর্কিত পোস্ট শেয়ার করেন শংকর প্রসাদ। চম্পকনগর ওবায়দুল মুক্তাদির চৌধুরী কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।
ফেসবুকে পোস্ট করার পর সাথে সাথে ছড়িয়ে পড়ে লেখাটি। এরপর থেকেই এলাকার সাবেক ছাত্রদের প্রতিবাদী পোস্ট ফেসবুকে আসা শুরু করে। ছাত্র-ছাত্রীদের তোপের মুখে দুপুরে শংকর প্রসাদ ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন জানান, বিষয়টি আমি জানি না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এর সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।











