
মোঃ পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জুনাইদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অরুয়াইল বাজারে ‘সকল ব্যবসায়ী ও এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা কামালের দায়ের করা একটি মামলায় ব্যবসায়ী জুনাইদ মিয়াকে আসামি করা হয়েছে। তাদের দাবি, মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। অবিলম্বে মামলা প্রত্যাহার করে একজন ব্যবসায়ী ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তির সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, জুনাইদ মিয়া দীর্ঘদিন ধরে অরুয়াইল এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতা করে আসছেন। অথচ তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির অভিযোগ এনেছে।
তাদের ভাষ্য, জুনাইদ মিয়া কখনো কারও কাছে চাঁদা দাবি করেননি এবং কারও কাছ থেকে টাকা ঋণ বা ধারও নেননি। বক্তারা আরও দাবি করেন, ঘটনার নেপথ্যে মূলত একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় রয়েছে। স্থানীয় কামালের ছেলে ও কুমিল্লার বুড়িচং এলাকার এক তরুণীর কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে বিষয়টির সমাধান না হওয়ায় ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে জুনাইদ মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী আমিনুল, আক্কাস, আবুল কালামসহ অনেকে বক্তব্য দেন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানিমূলক মামলা হয়ে থাকলে তা প্রত্যাহারের দাবি জানান।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগ ও দাবির বিষয়ে মামলার বাদী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মানববন্ধন শেষে ব্যবসায়ী ও এলাকাবাসী একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি অরুয়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ব্যবসায়ী জুনাইদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।











