
রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর( জয়পুরহাট): সনতান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার জন্য জয়পুরহাটের আক্কেলপুরে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আনসার ও ভিডিপি বাহিনীর জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা এর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, দেশবিরোধী অপশক্তি দেশের সম্প্রীতিকে নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে চক্রান্ত করে বিরোধ ছড়াতে চাচ্ছে। সেজন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের ও সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সদস্য বাছাইয়ে ওয়ার্ড থেকে উপজেলা ও জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা অর্থনৈতিক লেনদেনে জড়িত হওয়া যাবে না। আর্থিক লেনদেনের সাথে কেউ জড়িত হয়েছেন, এমন তথ্য ও প্রমাণ দিতে পারলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা, কালাই উপজেলা কর্মকর্তা মোছা. বিলকিছ বেগম, উপজেলা প্রশিক্ষক মো. বাবু মিয়া, উপজেলা প্রশিক্ষক সিরাজাম মুনিরা ও জয়পুরহাট সদর উপজেলা প্রশিক্ষক সাবরিনা মমতাজ, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
আক্কেলপুর উপজেলার ৩০টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে জন্য ২০৪ জন আনসার ও ভিডিপি সদস্য বাছাই করা হয়।











