
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সদর উপজেলায় ঋণের দায়ে গরু চুরির পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় স্বামীকে নির্মমভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে। পুলিশ জানায়, নিহত হেলাল উদ্দিন তালুকদার (৬০) নিজ বসতঘরের শয়নকক্ষে বিছানায় অবস্থানকালে তার পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বেদেনা আক্তার (৪২) গ্রেপ্তার হয়ে আদালতে স্বামী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মো. লিটন মিয়া (৫০) ও মো. রিয়েল মিয়া (৩৮) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, বেদেনা আক্তার বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধের জন্য তিনি নিজ গোয়ালের একটি গরু বিক্রি করতে চাইলে স্বামী হেলাল উদ্দিন তাতে বাধা দেন। এরপর তিনি গরুটি চুরি করানোর পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী বেদেনা আক্তার তার বাপের বাড়ি বারহাট্টা উপজেলার দুধকুড়া গ্রামের মৃত আলাল উদ্দিন ওরফে লাল মিয়ার ছেলে মো. লিটন মিয়াকে গরু চুরির দায়িত্ব দেন। গত ২১ ডিসেম্বর দিবাগত রাতে লিটন মিয়া রিয়েল মিয়াসহ আরও তিনজন সহযোগী নিয়ে গরু চুরি করতে গেলে হেলাল উদ্দিন তাদের দেখে ফেলেন এবং চিনে ফেলেন।
এ অবস্থায় ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় বেদেনা আক্তারসহ চোরচক্রের সদস্যরা হেলাল উদ্দিনের পা বেঁধে গলা কেটে হত্যা করে। ঘটনার পর বেদেনা আক্তার ছাড়া বাকি সবাই পালিয়ে যায়।
পরিদর্শক চম্পক দাম আরও জানান, নিহতের স্ত্রীর স্বীকারোক্তি, মোবাইল ফোনের কললিস্ট এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ মামলায় মোট পাঁচজন জড়িত থাকলেও তদন্তের স্বার্থে বাকি দুইজনের নাম প্রকাশ করা হয়নি। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ জানায়, লিটন মিয়ার বিরুদ্ধে এর আগেও পাঁচ-ছয়টি চুরির মামলা রয়েছে। রিয়েল মিয়া একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিন-চার বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। অপর দুই অভিযুক্তও বিভিন্ন অপরাধ মামলার আসামি।
গত ২২ ডিসেম্বর সকালে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত হেলাল উদ্দিন তালুকদার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও জেলা যুবদলের সাবেক নেতা শাহাবউদ্দিন রিপনের চাচাতো ভাই। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।











