
শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা নগরীর মোগলটুলিতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মান্না (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।এ সময় আলামিন নামের আরো এক যুবক আহত হয়। এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে।
গতকাল সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার ভোরে আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়। নিহত মান্না নগরীর গাংচর চৌধুরীপাড়া সড়কের আব্দুর কাদিরের ছেলে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
কোতয়ালী মডেল থানার এস আই আবদুল খালেক জানান,এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত পুলিশের অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন,জহিরুল ইসলাম(২৭), অনিক(২৬), হাবিবুর রহমান( ৩৫), সুমন (৩০), খায়রুল আমিন(২২), নাবিব আঞ্জুম (২২), প্রবীন(২১) এবং আকাশ( ২০)। বাকিদের আটকে অভিযান চলমান রয়েছে।











