
খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণনগর আ. জব্বার স্কুল কলেজ মাঠে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে মাঠের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, বিগত দিনে বহুবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষণে মাঠজুড়ে পানি জমে গেছে। প্রতিদিন সকালে এ মাঠে হাট বসে, কিন্তু পানি জমে থাকায় হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। চলাচলও হচ্ছে কঠিন। স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, হাসপাতালসহ প্রায় ৭-৮টি সরকারি-বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়ে।
এ অবস্থায় সকালে ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লাইভে আসেন।
তিনি বলেন, “Uno Nabinagar মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সামান্য বৃষ্টি হলেই কৃষ্ণনগর খেলার মাঠে জলাবদ্ধতা তৈরি হয়। এডিপি বরাদ্দ হতে ৮ লাখ টাকা দিয়ে মধ্যপাড়া থেকে যে ড্রেনের টেন্ডার হয়েছে, সেটি কাজী মলাই মিয়া কাকার বাড়ি পর্যন্ত এসে শেষ হবে। বাকিটুকু আমরা নিজ দায়িত্বে করবো ইনশাআল্লাহ।”
মাঠের নিয়মিত ব্যবহারকারীরাও দুর্ভোগের কথা জানান। কৃষ্ণনগর একাডেমির খেলোয়াড়রা বলেন, “আমরা প্রতিদিন এই মাঠে ফুটবল অনুশীলন করি, কিন্তু একদিন বৃষ্টি হলে টানা তিনদিন অনুশীলন বন্ধ থাকে। আমরা দ্রুত সমাধান চাই।”
হাটে আগত লোকজনের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি জমে হাটে আসা কষ্টকর হয়ে যায়। শিক্ষার্থীরাও জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে মাঠ ও পাশের রাস্তা দিয়ে হাঁটার সময় পানি পেরিয়ে যেতে হয়।
স্থানীয়দের দাবি, দ্রুত মাঠ সংস্কার ও পূর্ণাঙ্গ ড্রেনেজ ব্যবস্থা চালুর মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হোক।











