
যায়যায়কাল ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে যাকেই বেছে নেওয়া হবে তাকেই হত্যার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
এএফপি বলছে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।
ওই পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ‘ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমন-পীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’
গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভীর চেয়ে ইরানের ভেতরে থাকা কেউ একজন বেশি ভালো হবে।
হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাকে (পাহলভী) বেশ চমৎকার একজন মানুষ বলে মনে হয়। তবে আমার মনে হয়, দেশটির দায়িত্ব নেওয়ার জন্য (ইরানের) ভেতর থেকে কেউ আসাটাই হয়তো বেশি ভালো হবে।’
তিনি আরও বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির মতো কেউ আবার ইরানের ক্ষমতায় আসে।
এদিকে, খামেনিকে শেষবিদায় জানাতে ইরান তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বুধবার রাত ১০টায় এ আনুষ্ঠানিকতা শুরু হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও বলেছে, খামেনির জানাজার তথ্য চূড়ান্ত হলে তা পরে জানানো হবে।
ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনিকে তার জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। তবে দাফনের সুনির্দিষ্ট তারিখও এখনো প্রকাশ করা হয়নি।











