বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ইউপিসিসির স্মারকলিপি

মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার কাছে স্মারকলিপি দিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম (ইউপিসিসি)।

সোমবার (১৭ আগস্ট) সংগঠনটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেন। এতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

স্মারকলিপিতে সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও খুন বন্ধ, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। কিন্তু বর্তমানে দেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন, গুম ও মিথ্যা মামলার হয়রানি চলছে, তা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করছে। আমরা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব কালো আইন বাতিল বা সংশোধনের দাবি জানাচ্ছি।”

সংগঠনের সহসভাপতি জামাল চৌধুরী বিপ্লব বলেন, “সত্য প্রকাশে সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া একটি সুস্থ সমাজ কল্পনা করা যায় না। তাই অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব কাল্পনিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।”

সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ সাংবাদিকরা কারাবন্দি হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই, অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ তৈরি করা হোক।”

স্মারকলিপিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে পাঁচটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও খুনের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব রাজনৈতিক, কাল্পনিক, মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৩. পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তার হওয়া এবং বর্তমানে কারাবন্দি সব সাংবাদিককে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৪. কর্মক্ষেত্রে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

৫. গণমাধ্যম দমনমূলক সব কালো আইন বাতিল বা সংশোধন করতে হবে।

স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়, দেশে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, স্মারকলিপির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আইনমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সহসভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম সম্পাদক কবির আহমেদ মানিক ও মাহমুদ হায়দার জীবন, সহসাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ, সহসাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী এবং শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সোলায়মান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ