
যায়যায়কাল প্রতিবেদক: শপথ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।
শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এনসিপির সংসদ সদস্যদের শপথবাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় এনসিপি।
এর আগে এনসিপির সূত্র জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন৷ বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তারা৷ তবে বিষয়টি চূড়ান্তভাবে জানায়নি এনসিপি।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহর পরনের ‘১০ নম্বর জার্সি’ আলোচিত হয়েছিল।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সেই একই জার্সি পরে আলোচনায় এলেন তিনি।
বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসন থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে জয়ী হয়েছেন।
জামায়াত দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় ।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।











