বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান পাঁচ বছর সুযোগ পেলে এশিয়ার সেরা রাষ্ট্র হবে বাংলাদেশ: এমপি ফয়সল

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছর দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ এশিয়ার সেরা রাষ্ট্রে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল ছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন, তাতে উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে।’

তিনি বলেন, ‘আল্লাহ যদি দেন, আল্লাহর মেহেরবানিতে তারেক রহমান পাঁচ বছর দেশ পরিচালনা করতে পারেন—আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এর মধ্যে এশিয়ার সবচেয়ে আধুনিক ও উন্নত দেশে পরিণত হবে।’

বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয় উল্লেখ করে এমপি ফয়সল বলেন, এটি বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও জনগণের কল্যাণ বিএনপির মূলনীতি।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের কথাও স্মরণ করেন।

সৈয়দ ফয়সল আরও বলেন, বিএনপির নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা হবে। সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহসভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ