
তরিকুল ইসলাম আপন, দক্ষিণ কোরিয়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় দক্ষিণ কোরিয়ার খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখা।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসী বাংলাদেশি ও ডায়াস্পোরা সদস্যদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ যখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন প্রবাসীরা দেশের মানুষের মাঝে আশার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের প্রশংসা করে তিনি জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও বাস্তবতা আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, অতীতের জাতীয় সংসদ নির্বাচনের মতো ভবিষ্যতের নির্বাচনগুলোতেও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত ও অব্যাহত রাখতে এনসিপি কাজ করে যাবে।
এ সময় উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয় তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থা, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, দালালচক্রের অপতৎপরতা বন্ধ, বিমানবন্দরে হয়রানি নিরসন এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে প্রবাসীদের অধিক অন্তর্ভুক্তির দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক আরিফুর রহমান, সদস্য সচিব বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।











