
মো. হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই বাজার মহাজন সমিতির উদ্যোগে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় দিরাই বাজারের হাইস্কুল রোডে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি মো. নুরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, তৃণমূল রিপোর্টার্স বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান এবং দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম পারভিন চৌধুরী। এছাড়া রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দিরাই বাজার মহাজন সমিতির নেতৃবৃন্দ বলেন, দিরাই পৌরসভার অন্যতম বাণিজ্যকেন্দ্র হওয়া সত্ত্বেও বাজারটি দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যায় জর্জরিত। তারা বাজারে পর্যাপ্ত টিউবওয়েল স্থাপন, ভাঙাচোরা সড়কের দ্রুত সংস্কার, স্থায়ী যানজট নিরসন, আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পূর্ব দিরাইয়ে নৌকা ঘাট নির্মাণ, বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং আধুনিক বাজার ব্যবস্থাপনার দাবি জানান।
বক্তব্যে হুমায়ুন কবির তালুকদার বলেন, ২০২৫ সালে নাছির উদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পরিবার কঠিন সময় পার করে। সে সময় তার স্ত্রী পারভিন আক্তার চিকিৎসা ও সার্বিক দেখভালের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, পরিবারের সহযোগিতা ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পেরেছেন। পাশাপাশি তিনি দিরাই বাজারকে আধুনিকায়ন, যানজট নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করে জেলার অন্যতম মডেল বাজার হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান এবং নিরাপদ ও অপরাধমুক্ত দিরাই গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ব্যবসায়ী ও সাধারণ মানুষের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, দিরাই পৌরসভার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীদের সহযোগিতায় দিরাই বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও জনবান্ধব বাজারে রূপান্তরের প্রত্যয়ও ব্যক্ত করেন।











