
মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে।
সড়কটি দিয়ে দিরাইসহ আশপাশের আরও দুই উপজেলা—শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন। দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কাদায় পরিণত হয়েছে পুরো রাস্তা। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যানবাহনে চলাচল করতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
হোসেনপুর বাজারের ব্যবসায়ী আনিচ আহমেদ, মস্তাক আহমেদ, তারেক মাহমুদ, সামিম আহমেদ, আছাব উদ্দিন, সাদত মিয়া, আলমগীর, কদুছ মিয়া, মিজান মিয়া, মুন মিয়া, ধনু মিয়া, রবুল মিয়া, ডা. শামিম আহমেদ, বশির মিয়া ও ডা. কামাল আহমেদসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে বাইরের অনেক ক্রেতা ও লোকজন বাজারে আসতে চান না। এতে তাদের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন তিন উপজেলার মানুষ চলাচল করেন। কিন্তু বছরের পর বছর সড়কটির তেমন কোনো সংস্কার হয়নি। আমরা দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে আছি।”
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জগদল ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, সড়কটির সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে কবে নাগাদ সংস্কারকাজ শুরু হবে, সে বিষয়ে তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।











