
যায়যায়কাল প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) আগামী নির্বাচন ও গণভোটে বেসরকারি সংগঠন পিপলস অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন (পাশা)-এর পর্যবেক্ষক কার্ড স্থগিত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে বলেছিল। নির্বাচন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।
আজাদ মজুমদার আরও জানান, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
প্রবাসী পর্যবেক্ষকদের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি আনুমানিক ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচনের খবর কভার করবেন।











