
কাজী আল আমিন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের এক প্রভাষকের ওপর শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটেছে।
ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান এর ওপর শিক্ষার্থীরা এ হামলা করে।
বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিলের ভিডিও ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় আহত শিক্ষকে নিয়ে কলেজের অন্যান্য শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আসেন।
সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের বিএমটি বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের রাজনীতি বন্ধ, শিক্ষকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও প্রণোধনা ভাতা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় আহত শিক্ষক মুস্তাফিজুর রহমান ফেসবুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে লাইভ করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায়।
এ ব্যাপারে জানতে চাইলে উক্ত কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান বলেন, কলেজের শিক্ষদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। বুধবার ফেইসবুকের পোস্টকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, কলেজের শিক্ষকদের মধ্যে দুটি গ্রুপ হয়েছে। তাদের আর্থিক বিষয়ের দ্বন্দ্বের কারণেই ঘটনাটি ঘটেছে। আমি শিক্ষকদের সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে। এমনকি তিনটি সেক্টরে তিনটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। এখন উভয় পক্ষই শান্ত আছে।











