
যায়যায়কাল প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হককে (দোলন) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে।
আতাউল হকের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা বেড়েছে।
আগের রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তুরাগ থানা এলাকা থেকে চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের পাশাপাশি এক দিনের মধ্যে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।











