
যায়যায়কাল ডেস্ক: নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন।
বুধবার তিনি পদত্যাগ করেন বলে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানায়, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগ ওঠায় বিতর্ক তৈরি হয়। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থপাচারের তদন্ত চলছে।
সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি ফেসবুকে লিখেছেন, আমার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে থাকাকালে কোনো স্বার্থের সংঘাত বা তদন্ত প্রক্রিয়ায় প্রভাব এড়াতে আমি আজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে তার বিনিয়োগ, বিশেষ করে শেয়ার সংক্রান্ত বিষয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে তা তিনি গুরুত্বসহকারে নিয়েছেন।
তিনি বলেন, আমার কাছে পদ থেকে নৈতিকতা বড়, আর জনগণের বিশ্বাসের চেয়ে বড় কোনো শক্তি নেই। নেতৃত্ব হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। যদি কেউ আমার সহযোদ্ধার রক্ত ও ত্যাগে গড়ে ওঠা সরকারকে প্রশ্ন করে, তার উত্তর হচ্ছে নৈতিকতা।
দীপক ভাট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি আগেই বলেছিলেন, তদন্তে সহযোগিতা করবেন।
সোমবার ফেসবুকে এক পোস্টে গুরুং বলেন, অনেক গুজব ছড়িয়েছে। তবে অভিযোগ ও সত্য এক নয়। সিদ্ধান্ত প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত, আবেগের ভিত্তিতে নয়।
সুদান গুরুং জানান, তিনি দলের সব সিদ্ধান্ত মেনে চলবেন এবং তদন্তে সহযোগিতা করবেন।
এ নিয়ে বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ।
এর আগে ৯ এপ্রিল প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার সাহকে বরখাস্ত করেন।











