
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগররে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে মো. শফিক মিয়া (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নাসিরনগর থানা পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন৷
গত মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে নাসিরনগর-সরাইল কড়ই গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শফিক মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের পতইর ধানু মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত মনির মিয়া (২৩) একই গ্রামের আলী নেওয়াজের ছেলে।
পুলিশ জানান, গত মঙ্গলবার রাতে নাসিরনগর-সরাইল ফাঁড়ি সড়কের কুন্ডা গ্রামের কড়ই গাছতলা এলাকায় নাসিরনগর অভিমুখী সিএনজির সাথে সরাইল অভিমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। আহত দু’জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোটরসাইকেলের চালক শফিক মিয়া মারা যান। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।











