শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটের মাঠে ‘ক্লিন সুইপ’: কক্সবাজারের ৪টি আসনে বিএনপি বিজয়ী

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: সব আশঙ্কা ও অনিশ্চয়তাকে পেছনে ফেলে ইতিহাসের নজিরবিহীন উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬।

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়েছে।

প্রাথমিক ও বেসরকারি ফলাফলে জেলার চারটি আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

দীর্ঘ দেড় যুগ পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে তরুণ-যুবকসহ সর্বস্তরের ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে জেলার কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রে গণনা শুরু হয় এবং রাতেই ফলাফল ঘোষণা করা হয়।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৭৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ২ লাখ ২ হাজার ৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। এ আসনে সালাহউদ্দিন আহমদ ৭৭ হাজার ৮৪০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ এবং নারী ২ লাখ ৫০ হাজার ১৯২ জন। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১২৪টি কেন্দ্রের মধ্যে ৯১টির প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ৩৫ হাজার ৯২ ভোটে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ২৫ হাজার ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৮৯ হাজার ৬৪৩ ভোট। এ আসনে জয়ী প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬৮৯ ভোট।

কুতুবদিয়া ও মহেশখালীর বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে উল্লেখযোগ্য ভোট পড়েছে। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৪৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট। এখানে বিজয়ের ব্যবধান ২৮ হাজার ৪৬৬ ভোট। দিনভর সদর, রামু ও ঈদগাঁও এলাকায় ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।
বিজিবি ও সেনাবাহিনীর টহলে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ১ লাখ ২২ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৮০ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান মাত্র ৯২৯ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফল যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। কক্সবাজারের চারটি আসনে বিএনপির এ ফলাফলকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। নির্বাচিত চারজনই পূর্বে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের ধারণা, এবারও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ