
মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে এক স্কুলপড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের বিকাল বাজারসংলগ্ন একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শাওন তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দু’জন ব্যক্তি তাকে ডেকে হাওরের দিকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন সকালে বিকাল বাজারের পাশে একটি ফসলি জমিতে শাওনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











