
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): ঢাকা-সিলেট মহাসড়কে চালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
রোববার সকাল ৯টা ৫০ মিনিটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেববাড়ি গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা ‘ফ্রেশ কোম্পানি’র একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ইউএনও’র সরকারি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ বিপরীতমুখী ঘুরে দুমড়েমুচড়ে গেলেও বড় ধরনের কোনো চোট ছাড়াই অক্ষত রয়েছেন উপজেলার ইউএনও মেহেদি হাসান।
এ ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছেন এবং স্থানীয় এক ব্যবসায়ীর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাপ্তরিক কাজে ইউএনও মো. মেহেদী হাসান মাধবপুর থেকে হবিগঞ্জ জেলা সদরের দিকে যাচ্ছিলেন। সাহেববাড়ি গেট এলাকায় দুটি গাড়ি একে অপরকে অতিক্রম করার মুহূর্তে বিপরীতমুখী বেপরোয়া কাভার্ডভ্যানটি ইউএনও’র গাড়ির পেছনের অংশে সজোরে আঘাত করে। ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যে সরকারি জিপ গাড়িটি দিক হারিয়ে সম্পূর্ণ উল্টোমুখী হয়ে ঘুরে যায়। দুর্ঘটনার ওই সময়ে বিপরীত দিক থেকে দূরপাল্লার কোনো বাস কিংবা ভারী যানবাহন না আসায় এক নিশ্চিত ও বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা।
তবে কাভার্ডভ্যানের ওই একই ধাক্কায় সড়কের পাশে থাকা মাধবপুর বাজারের ব্যবসায়ী দিলীপ রায়ের আরেকটি ব্যক্তিগত গাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। ভয়াবহ এই সংঘর্ষে ইউএনও মহোদয়ের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পুলিশের তৎপরতায় ফ্রেশ কোম্পানির ঘাতক কাভার্ডভ্যানসহ এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











