
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই গ্রেপ্তারের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে হুমকিমূলক স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় ছাত্রলীগের আরেক নেতা। জাতীয় দুটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এই তথ্য জানা গেছে।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাধবপুরে পুলিশের গাড়ি ও ডাকবাংলো ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলার সম্পৃক্ততায় চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ করেছে জাতীয় দৈনিক দেশ রূপান্তর।
এদিকে সিরাজুল ইসলামের গ্রেপ্তারের পরপরই মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আতাউস সামাদ বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেন।
ওই ফেসবুক পোস্টে আতাউস সামাদ বাবু লেখেন, “দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাল্লাহ।”
ছাত্রলীগ নেতা বাবুর দাবি, এএসআই দেলোয়ার হোসেন তাকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে গিয়েছিলেন।
তবে ছাত্রলীগ নেতার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন এসআই দেলোয়ার হোসেন।
তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং একটি নিয়মিত মাদক মামলার তদন্তের কাজে ওই এলাকায় গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।











