রবিবার, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ, পরিশোধের সময় ৩০ দিন

যায়যায়কাল প্রতিবেদক: ইউটিলিটি বিল পরিশোধ ও মোবাইল ফোনে রিচার্জের মতো ছোটখাটো প্রয়োজন মেটাতে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী, এ ঋণের পরিমাণ হবে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা। ঋণ নেওয়ার পর ৩০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে। এ ঋণে কোনো সুদ নেওয়া হবে না।

তবে ঋণের বিপরীতে নির্ধারিত হারে সার্ভিস ফি নেওয়ার সুযোগ থাকবে ব্যাংকগুলোর। বাংলাদেশ ব্যাংকের খসড়া নীতিমালায় ঋণের পরিমাণ অনুযায়ী সার্ভিস ফির সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে।

খসড়া অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে ১০ টাকা এবং ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ১৫ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে।

এ ছাড়া ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঋণে ২৫ টাকা, ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণে ৩৫ টাকা এবং ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫০ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে।

নির্ধারিত সার্ভিস ফি ছাড়া ব্যাংকগুলো কোনো ধরনের সুদ, জরিমানা, প্রসেসিং ফি বা অতিরিক্ত চার্জ নিতে পারবে না। নির্ধারিত সময়ের আগেই ঋণ পরিশোধ করলেও গ্রাহকের কাছ থেকে কোনো আর্লি সেটেলমেন্ট ফি নেওয়া যাবে না।

পুরো ঋণ প্রক্রিয়া হবে ডিজিটাল

প্রস্তাবিত এই ঋণসেবা পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। ঋণ নিতে গ্রাহককে কাগজে স্বাক্ষর করতে হবে না। এর পরিবর্তে বায়োমেট্রিক পরিচয় যাচাই এবং ডিজিটাল সম্মতির মাধ্যমে ঋণ প্রক্রিয়া সম্পন্ন করবে সংশ্লিষ্ট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, নগদবিহীন বা ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা এবং দেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসার ঘটানোর ক্ষেত্রে এ ধরনের ক্ষুদ্র ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ-সংক্রান্ত খসড়া নীতিমালা ইতোমধ্যে সর্বসাধারণের মতামত ও পরামর্শের জন্য প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ পর্যালোচনার পর চূড়ান্ত নীতিমালা জারি করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ